'মা বাবাকে বললেন, এসব মানুষের ভাগ্য তোমার হাতে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেয়ার কিছুক্ষণ আগের কথা স্মৃতিচারণ করে বলেছেন, বাবা (বঙ্গবন্ধু) যেদিন রেসকোর্স ময়দানে ভাষণ দিতে আসবেন ওই সময় মা বলেছিলেন, তুমি দেশের মানুষের জন্য জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছো। অনেকেই অনেক কথাই বলবে। কিন্তু তোমার মনে যা আসবে তুমি তাই বলবে। এসব মানুষের ভাগ্য তোমার হাতে।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র স্বীকৃতি পাওয়ায় নাগরিক কমিটির ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেকেই অনেক লিখিত সিদ্ধান্তের কথা বলছিলেন বাবাকে জনসভায় বলতে। অনেক লিখিত বক্তব্যও হাতে দিয়েছিলেন কেউ কেউ। আমি তখন বাবার মাথায় হাত দিয়ে বুলিয়ে দিচ্ছিলাম।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষ বঙ্গবন্ধুর নির্দেশনা নিতে এসেছিলেন। তখন ৫৬ শতাংশ মানুষ ছিল পূর্ব পাকিস্তানে। কিন্তু বাঙালির কোনো অধিকার ছিলো না। পশ্চিম পাকিস্তানিরা সম্পূর্ণ শোষণ করেছে। তারা আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। তখন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সবাইকে উদ্ধুদ্ধ করে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরা কখনও চায়নি বাঙালিরা শাসনভার হাতে নিক। ডিসেম্বরের ৭ তারিখ ইলেকশন হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি গেলো কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর করেনি। বঙ্গবন্ধুর কথায় এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। জাতির পিতা সেদিন ভাষণ দিয়েছিলেন লাখো মানুষ এসেছিল এখানে (রেসকোর্স ময়দানে)। বাঁশের লাঠি হাতে নিয়ে এখানে এসেছিল তারা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্ধুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। জাগ্রত করেছিলেন বাঙালি জাতিকে। ৭ই মার্চ সেদিন তার নির্দেশনা নিতে লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছিলেন। তিনি বলেন, আমার মা কখনও প্রকাশ্যে রাজনীতি করেননি। বাবার কাছ থেকে তিনি রাজনৈতিক প্রজ্ঞা পেয়েছিলেন। সারাজীবন ত্যাগ স্বীকার করে গেছেন তিনি।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment