পবিত্র ঈদে মিলাদুন্নবী ২ ডিসেম্বর

আগামী ২ ডিসেম্বর ১২ রবিউল আউয়াল শনিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান।

আনিছুর রহমান জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

তিনি জানান, সোমবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। তাই মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সাধারণ ছুটি। যদিও এবার ঈদে মিলাদুন্নবী হবে সাপ্তাহিক ছুটির দিনে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদের (স.) জন্ম ও মৃত্যু দিবস হিসেবে পালন করে থাকে।

ঈদে মিলাদুন্নবীর (স.) দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Share on Google Plus

About Nezam Kutubi

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment